লক্ষ্মীপুরে মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এ সময় ডাকাতেরা মনির হোসেনের স্ত্রী মিলন বেগমকেও কুপিয়ে জখম করে। শুক্রবার ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও আন্ধারমানিক গ্রামের আলি আহম্মদ বাসুর ছেলে। ১৫ দিন আগে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনির মাটি ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রি করতেন। বৃহস্পতিবার এক ইটভাটা মালিক মাটির জন্য তাকে ২ লাখ টাকা দেন। সম্প্রতি মনির তার নতুন বাসায় উঠেছেন যেটির বাইরে কলাপসিবল গেট থাকলেও ভেতরের দরজা এখনো লাগানো হয়নি। গতকাল ভোরে মই দিয়ে ডাকাত দল বাসার ছাদে ওঠে। ছাদের দরজা না থাকায় তারা বাসায় ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এক পর্যায়ে ডাকাতেরা মনির ও তার স্ত্রী মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মনিরের ব্যবহূত মোটরসাইকেল, ২ লাখ টাকা ও ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। পরে পরিবারের সদস্যদের চিত্কারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মনির মারা যান। তার স্ত্রীকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
