রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পতাকা অবমাননায় জেলা প্রশাসকের তদন্ত কমিটি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

মহান বিজয় দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েক জন শিক্ষক কর্তৃক বিকৃত করে প্রদর্শন করে জাতীয় পতাকা অবমাননার ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসক আসিব আহসান তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল শুক্রবার জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলুকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত ঘটনা অনুসন্ধানপূর্বক জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এদিকে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননা করার ঘটনায় বৃহস্পতিবার আট শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। এছাড়া একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক, গণিত বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ১ নম্বর আসামি করে সাত জনকে অভিযুক্ত করা হয়। দুই অভিযোগে মোট আসামি ১০ জন।