বিদেশি সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ :কাদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা মন ও মননে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি গতকাল শুক্রবার সকালে রাজধানীর সেতু ভবনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌ-মত্বের কথা বলে অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ।               ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে। এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে। জনগণ এখন তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে বিএনপি প্রতিশোধ নিতে চায়। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই আর্থসামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলেছে বাংলাদেশ। পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়। তারা এখন বাংলাদেশ হতে চায়। তিনি বলেন, শেখ হাসিনার ‘ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশমেটিক সিদ্ধান্ত মেকিং’-এ বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময়। বন্যা, খরা, মঙ্গা, ঘূর্ণিঝড়ের বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের গর্বিত সদস্য।

পদ্মা সেতুতে অনিয়মের অভিযোগ উত্থাপনকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেতুমন্ত্রী বলেন, স্বচ্ছভাবেই আমরা পদ্মা সেতুর কাজ করেছি। এখানে একটি টাকাও এদিক-সেদিক হওয়ার উপায় ছিল না। স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না, তাই কোনো অনিয়মও হয়নি। দেশি-বিদেশি প্রকৌশলী, টেকনিশিয়ান কনসালট্যান্টরা ও আমাদের কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় ইনশাল্লাহ ২০২২ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। তিনি বলেন, করোনা মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। এর আগে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং পরিদর্শন করেন।