তিন বিভাগে মৃত্যু শূন্য, ঢাকায় সর্বাধিক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, এক জন চট্টগ্রাম বিভাগের, এক জন খুলনা বিভাগের, তিন জন রাজশাহী এবং দুই জন সিলেট বিভাগের বাসিন্দা। গতকাল বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে                 আরো ১ হাজার ৩১৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বমোট ১৫৯টি ল্যাবে ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।