করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর কয়েক ধাপ বাড়ানোর পর ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। অন্য শ্রেণির শিক্ষার্থীরাও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ওপরের শ্রেণিতে প্রমোশন পাবে।
করোনায় অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা বাতিল করা হয়। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হবে। করোনায় বাতিল করা হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাও। লটারির মাধ্যমে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি করা হবে।
আর ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা থাকলে শিক্ষার্থীরা এই দিনে ঘরবন্দি থাকবে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হলে ২০২১ শিক্ষাবর্ষের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে শিক্ষা অধিদপ্তরগুলো থেকে জানানো হয়েছে।
