খুলনায় চরমপন্থি দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

খুলনায় চরমপন্থি দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা গরুরহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেমায়েত ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে হেমায়েত ফুলতলা গরুর হাট এলাকায় চার-পাঁচ জনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই জন       সন্ত্রাসী এসে তাকে পেটে ও মুখে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ফুলতলা থানার ৩৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করে। তার মধ্যে হেমায়েত ছিলেন এক জন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবউদ্দিন বলেন, নিহত ব্যক্তি একসময় চরমপন্থি দলের সঙ্গে জড়িত ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।