৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট, দুই জন পলাতক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

খাগড়াছড়ির বহুল আলোচিত ও চাঞ্চল্যকর প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম আফছার। ঘটনার ৫৯ কার্যদিবসের  মধ্যে আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করল পুলিশ। অভিযোগপত্রে সাইফুল আসলাম ও ওমর ফারুক নামে দুই আসামিকে পলাতক দেখানো হয়েছে।

এদিকে আদালতে অভিযোগপত্র দাখিলের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, মামলায় আসামিরা আজ্ঞাত হলেও পুলিশ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সাত জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দুই আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় দুটি মামলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে।                 ডাকাতির মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে  ৯ নরপশু  জেলা শহরের  বলপাইয়া আদাম এলাকার একটি বাড়িতে ডাকাতির নামে তাণ্ডবলীলা চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা একটি কক্ষে নিয়ে তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে দলবেঁধে  ধর্ষণ করে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়। ধর্ষিতার মা ঘটনার পরদিন ৯ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় সাত জনকে গ্রেফতার করলে ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।