চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দি আমির হোসেন ওরফে লিটন (৩০) নামের এক জঙ্গি সদস্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। গত ১২ ডিসেম্বর থেকে লিটন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বলে কারাগার সূত্র জানায়।
আমির হোসেন ওরফে লিটন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার মোফাচ্ছের হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে বাঁশখালী ও হাটহাজারী থানায় মোট তিনটি মামলা রয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান জানান, আমির হোসেন ওরফে লিটন নামে এক বন্দি চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। ১২ ডিসেম্বর অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
