জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় শীর্ষ সিলিকনবিটস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:২৫

প্রথম ‘ জাতীয় সাইবার ড্রিল ২০২০’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিলিকনবিটস। অতি সম্প্রতি সমাপ্ত এই জাতীয় প্রতিযোগিতায় ৩ হাজার ৭১৭ স্কোর করে প্রথম স্থান অধিকার করে দলটি। এই দলের সদস্য মোহাম্মদ অনতু দেশের প্রযুক্তির উন্নয়নের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন।

সিলিকনবিটসের পাঁচ সদস্য অনিমেষ দুর্জয়, মোহাম্মদ অনতু, রবিন ইরফান, আশরাফুল হক সিডনি ও কে এম তানভীর। সদস্য মোহাম্মদ অনতু বলেন, ‘এ ধরনের একটি বড় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারা এবং বিজয়ী হওয়া দারুণ ব্যাপার। আমরা আমাদের কাজগুলো ভালোভাবে করে যেতে চাই, যাতে আমরা দেশের প্রযুক্তিতে অবদান রাখতে সক্ষম হয়ে উঠি। আমরা যখন দেশের উন্নয়নের জন্য কিছু করতে পারব, তখনই আমাদের দক্ষতা এবং প্রাপ্তি সার্থক হয়ে উঠবে।’ মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অনতু ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জে বেড়ে উঠেছেন। এই প্রাপ্তির জন্য তিনি পরিবার এবং সিদ্ধিরগঞ্জের শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ জানান। ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে স্থিতিশীলতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সি আর টি আই) এই প্রতিযোগিতা আয়োজন করে। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় এবং কম্পিউটার কাউন্সিল। ২৩৪টি দল এতে অংশ নেয়। দলগুলোতে ছিল আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় ও আইটি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা কর্মীরা।