জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মো: তাজুল ইসলাম। শনিবার সকাল সাড়ে দশটার টার দিকে শিবচরের দত্তপাড়ায় আসেন তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১(শিবচর) আসনের ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এসময় তার সঙ্গে ছিলেন।
এছাড়াও এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান সিকদার, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আখতার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহি অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ সেলিম, শিবচর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মো: তাজুল ইসলাম এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও শিবচরে নবনির্মিত নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামসহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য,ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১(শিবচর) আসনের ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বর ও ফরিদপুর-৪ আসনের দুইবারের সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর বাবা।
ইত্তেফাক/টিআর
