বিনোদন রিপোর্ট
দেশের প্রখ্যাত সংগীত পরিচালক, চাইম ও আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলুর নাম জানেন না এমন রক মিউজিক লাভার বাংলাদেশে নেই। অন্তত ৮০/৯০ দশকের শ্রোতারা তাকে ভোলার কথা না। দীর্ঘদিন ধরেই এই গুণী মানুষটি থাকছেন পরবাসে। কানাডায় থিতু হয়েছেন ঠিকই, কিন্তু গান থামেনি তার। বরং নব্বই দশকের রকস্টারদের ভেতরে আশিকুজ্জামান টুলুই নিজের সন্তানদের একেবারে সংগীতের আবহে বড় করেছেন।
ছেলে নাওয়ার ও মেয়ে রদিয়া দু’জনই এখন গানের শৈশব-কৈশোর পার করছে। বছরখানেক আগে বাবা আশিকুজ্জামান টুলুর সুর ও সংগীতে কন্যা রদিয়ার ‘এমনও দিনে’ গানটি ব্যাপক প্রশংসা পায়। পরবর্তীতে গানটি গানচিলের ব্যানারে প্রকাশ পায়। এবারে প্রকাশ পেল ছোটভাই নাওয়ারের কম্পোজিশনে রদিয়ার নতুন গান ‘কোন কাগজে’। গানটির কথা লিখেছেন শেখ জামান।
এভাবেই পরিবারের সদস্যরা গানের ভেতরেই ডুবে থাকেন। ফেসবুক আর ইউটিউবেও তার কিছু সুরের ছটা দেখা যায়। এভাবে চলতে থাকে দুই ভাইবোনের সুরের পথে হাঁটা। উল্লেখ্য, টুলুর স্ত্রীও দীর্ঘদিন কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশে গেয়েছেন।
কোন কাগজে গানটি প্রসঙ্গে আশিকুজ্জামান টুলু বলেন, ‘এটা বড়ই আনন্দের বিষয় যে, ওরা নিজেদের আনন্দেই গানটা করছে। আমি যদি একেবারে জোর করে মুখস্থ পড়ার মতো স্টুডিওতে নিয়ে এসে ওদের শেখানো শুরু করতাম তাহলে হয়তো গান থেকে ওরা হাজার মাইল দূরে থাকতো। নাওয়ারের এই কম্পোজিশনটা আমার কাছে খুবই ম্যাচিউরড লেগেছে। গানটা আমার পরিচিত দু-চারজন শিল্পীকেও শুনিয়েছি। তারা ভালো বলেছে। ওরা নিজেদের মতো করে মিউজিক করছে এটাই বাবা হিসেবে আমার আনন্দের। বাবার কাছে তো সন্তানের সবকিছুই সর্বশ্রেষ্ঠ। তাই গানটি সম্পর্কে বাইরের মতামতটাই গুরুত্বপূর্ণ।’
