টেকসই স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে ভিসিপিয়াব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৫

স্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও জোরদার করার লক্ষ্যে বেসরকারি খাতের সংস্থা ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) গত বৃহস্পতিবার ‘ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন : কোলাবোরেশন ফর এ সাসটেইনেবল স্টার্টআপ ইকোসিস্টেম’ শীর্ষক একটি অনলাইন গোলটেবিল অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় উত্স থেকে মূলধন, প্রতিভা, নেটওয়ার্ক এবং অন্যান্য রিসোর্স আহরণের মাধ্যমে একটি শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম প্রতিষ্ঠায় আর্থিক প্রতিষ্ঠান ও ভেঞ্চার ক্যাপিটাল এর মধ্যে পারস্পরিক সহযোগীতার গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠান সমূহ ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মাধ্যমে স্টার্টআপে বিনিয়োগ করে আকর্ষণীয় এবং উচ্চ লাভ অর্জন করে থাকে। বাংলাদেশে একটি অনুরূপ কাঠামো তৈরি হলে তা আর্থিক প্রতিষ্ঠান এবং ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম উভয়ের জন্য লাভজনক প্রতিপন্ন হবে। ব্যাংক ও এনবিএফআই যেমন সিটি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইডিএলসি ফিনান্স, লঙ্কাবাংলা ফিনান্স, এবং মাইডাস ফিনান্স ইতিমধ্যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য পোর্টফোলিও অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা, এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থানস্থ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম। ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পেশ করেন ভিসিপিয়াব এর সাধারণ সমপাদক শওকত হোসেন।