ইতালি জুড়ে ফের লকডাউন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৬

বড়দিন ও নতুন বছরের ছুটি বাড়িতেই কাটাতে হবে

 বিবিসি

নতুন করে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। এ কারণে ইতালি জুড়ে আবারও লকডাউন জারি করা হয়েছে। বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সময়ই লকডাউন চলবে। ফলে জার্মানি ও নেদারল্যান্ডের মতো ইতালির বাসিন্দাদেরও বড়দিন ও নতুন বছরের ছুটি বাড়িতেই কাটাতে হবে। একই কারণে অস্ট্রেলিয়ার সিডনিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের বাসিন্দাদের আগামী সোমবার পর্যন্ত ঘরে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার নতুন করে ঘোষণা করা লকডাউনে সরকারি ছুটির দিনগুলোতে পুরো দেশ ‘রেড-জোনের’ আওতায় থাকবে। ঐ সময় জরুরি নয় এমন সব দোকানপাট, সবধরনের রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে। শুধু কাজে যেতে এবং স্বাস্থ্য ও জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে। বাড়িতে কোনো পার্টির আয়োজন করা যাবে না। তবে বিধি মেনে সর্বোচ্চ দুই জন অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। ইতালির প্রধানমন্ত্রী জিউসেফ কোন্তে বলেন, আবারও দেশ জুড়ে লকডাউন জারি করা ‘সহজ সিদ্ধান্ত ছিল না’। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বড়দিনের ছুটির সময় আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এ নিয়ে আমাদের বিশেষজ্ঞরা ভীষণভাবে উদ্বিগ্ন.....তাই আমাদের ব্যবস্থা নিতেই হয়েছে।’ ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে এ মহামারি প্রায় ৬৮ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। দেশটিতে এ মাসের শেষ দিকে কোভিড টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। কোন্তে বলেন, ‘সেটা ভয়াবহ এই দুঃস্বপ্নের শেষের শুরু হবে।’

নতুন লকডাউনে কী কী বিধিনিষেধ থাকছে

আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ থেকে ৬ জানুয়ারি পুরো ইতালি ‘রেড-জোনের’ আওতায় থাকবে। ঐ সময়ে লোকজন কেবল কর্মক্ষেত্রে যেতে, জরুরি প্রয়োজনে এবং স্বাস্থ্যগত কারণে বাড়ির বাইরে যেতে পারবেন। এছাড়া ঐ সময়ে বাড়িতে সর্বোচ্চ দুই জন অতিথিকে ডাকা যাবে। তবে অতিথিদের বয়স অবশ্যই ১৪ বছরের কম হওয়া যাবে না। ঐ সময়ে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বাকি দিনগুলো অর্থাত্, ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি বিধিনিষেধ কিছুটা শিথিল থাকবে। এই দিনগুলোতে লোকজন বাড়ির বাইরে যেতে পারবেন কিন্তু সব রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে।