আলজাজিরা
ভারত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শনিবার ১ কোটি ছাড়িয়েছে। এক মাস আগেও যা ভাবা হচ্ছিল, সংক্রমণের গতি ধীর হওয়ায় তার চেয়ে বেশ দেরিতে এই সংখ্যা স্পর্শ করল। গত সেপ্টেম্বরে ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ছিল ৯৮ হাজার। এটিই ছিল দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সর্বোচ্চ পর্যায়। তবে ধীরে ধীরে সংক্রমণের হার কমতে থাকে। ডিসেম্বরে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার। যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ আক্রান্তের অবস্থানে রয়েছে ভারত। তবে সংক্রমণের গতি এখন ধীর হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবধান ক্রমে বাড়ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার থেকে শনিবার গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১৫২ জন ও মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ১০ লাখ সংক্রমণ হয়েছে এক মাসে। মহামারি শুরু হওয়ার পর এটি ছিল দ্বিতীয় ধীর সংক্রমণের মাস।
