৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১—সংখ্যাগুলোর যোগফল ৩৬। এই রানে অলআউট হয়ে গতকাল নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার অধ্যায় লিখল ভারত।
স্পোর্টস ডেস্ক
৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১—সংখ্যাগুলোর যোগফল ৩৬। এই রানে অলআউট হয়ে গতকাল নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার অধ্যায় লিখল ভারত। তাও গোলাপি বলে, টেস্ট ক্রিকেটের এই যুগে এসে বিরাট কোহলির দল যে সর্বনিম্ন স্কোর গড় করতে পারে সেটা রীতিমতো অবিশ্বাস্য। তাই তো অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয় ছাপিয়ে আলোচনায় ভারতের ৩৬ রানে অল আউট হওয়ার বিষয়টি।
দ্বিতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শেষ করায় বড় লক্ষ্য গড়ারই স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাদেরকে ঘুমের মধ্যে না পারলেও মাঠে ঠিকই দুঃস্বপ্ন উপহার দিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। ছোট ছোট সুইং আর নিখুঁত লাইন-লেংথে বল করে সবগুলো উইকেট ভাগাভাগি করে নেন দুই অজি পেসার। তাতে রানের খাতা দুই অঙ্কতেই নিতে পারেননি কোনো ব্যাটসম্যান। ৯৬ বছর পর বিরল সাদা পোশাকে দেখা গেল বিরল এই দৃশ্য। ওপরের প্যারার প্রথম লাইনটি তাই ভারতীয় ব্যাটসম্যানদের স্কোর নিয়েই লেখা।
এমন দুর্দান্ত বোলিং করে নিজেরাও হতবাক কামিন্স-হ্যাজেলউড। যদিও ধ্বংসযজ্ঞের শুরু করে ২১ রানে ৪ উইকেট পাওয়া কামিন্সের মনে একটু হলেও নাড়া দিয়েছে আক্ষেপ। মোহাম্মদ শামি ব্যথা পেয়ে মাঠ না ছাড়লে পাঁচ উইকেটের ম্যাজিক ফিগার স্পর্শ করার সুযোগ ছিল তার সামনে। তবে ১৫০ উইকেটের মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন তিনি। কামিন্সের মতো অবশ্য আফসোসে পুড়তে হয়নি হ্যাজলউডকে। মাত্র ৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেন এই পেসার।
প্রথম ইনিংসে ভারতের ২৪৪ রানের বিপরীতে ১৯২ রানে অলআউট হওয়া অজিরা দ্বিতীয় ইনিংসে লক্ষ্য পায় মাত্র ৯০। ম্যাথু ওয়েড (৩৩) ও মার্নাস লাবুশেনকে হারানো ছাড়া বেশি বেগ পোহাতে হয়নি। ছক্কা মেরে নিজের ফিফটিসহ দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ওপেনার জো বার্নস (৫১*)। প্রথম ইনিংসে ৭৩ রানের হার না মানা ইনিংস খেলায় ম্যাচসেরা হন টিম পেইন।
গোলাপি বলে ফের খেলতে নামলে ভারতের গায়ে ভয়ানক কাটাই দিবে এই ম্যাচ। অথচ ফ্লাডলাইটের আলোয় প্রথম ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে তাদের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু পরের ম্যাচেই যে সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জায় পড়তে হবে সেটা কে-ই বা জানত। কাকতালীয়ভাবে চার বছর আগের এই দিনেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ (৭৫৯/৭) গড়েছিল তারা। রেকর্ড আর লজ্জা যেন মিলে গেল একই বিন্দুতে।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস :২৪৪। অস্ট্রেলিয়া ১ম ইনিংস :১৯১
ভারত ২য় ইনিংস :২১.২ ওভারে ৩৬ (আগাওয়াল ৯, কোহলি ৪, বিহারি ৮; কামিন্স ২১-৪, হ্যাজলউড ৮-৫)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৯০) ২১ ওভারে ৯৩/২ (ওয়েড ৩৩, বার্নস ৫১*, স্মিথ ১*; অশ্বিন ১৬-১)
ফল :অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: টিম পেইন।
