আক্ষরিক অর্থে ১৯ বছর বয়সে তারুণ্যের স্বীকৃতি পেলেও তখনো পুরোপুরি কাটে না কৈশোরের আবহ। আর এই বয়সেই কিনা ক্রীড়া উপমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন এক নারী ফুটবলার। ইতিহাস সৃষ্টিকারী সেই নারীর নাম তার সিয়েলো ভেজাগা। গত শুক্রবার নিজ দেশ বলিভিয়ার ক্রীড়া উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। বলিভিয়ার হয়ে বিভিন্ন যুব পর্যায়ের ফুটবলে প্রতিনিধিত্ব করা ভেজাগা রাজনীতি করেন মুভমেন্ট ফর সোসিয়ালিজম পার্টি হয়ে। ক্রীড়া উপমন্ত্রী হিসেবে নিজের প্রথম বক্তব্যেই তৃণমূল অ্যাথলেটদের সুবিধার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন ভেজাগা। তিনি বলেন, ‘যেকোনো মহামারির বিপক্ষে লড়াইয়ের জন্য খেলাধুলাই হলো সেরা ওষুধ। তাছাড়া কোনো দেশকে একত্রিত করার এটাই সেরা রেসিপি।’
