ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি টাকা। অর্থাত্ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩৩০ কোটি টাকা। এর মাধ্যমে টানা তিন সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ২৬ হাজার ৪১৪ কোটি টাকা। বাজার মূলধন বৃদ্ধি পাওয়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ঐ পরিমাণ বেড়েছে। এদিকে, গত সপ্তাহ জুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১৯ দশমিক ৮২ পয়েন্ট বা ২ দশমিক ৪১ শতাংশ এবং তার আগের সপ্তাহে বাড়ে ১০৫ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ। অর্থাত্ তিন সপ্তাহের বড় উত্থানে ডিএসইর প্রধান সূচক বাড়ল ২৩৮ পয়েন্ট। প্রধান মূল্য সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। গত সপ্তাহ জুড়ে সূচকটি বেড়েছে ২৩ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪৮ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ এবং তার আগের সপ্তাহে বাড়ে ৩৭ দশমিক ৪৩ পয়েন্ট বা ২ দশমিক ২২ শতাংশ।
