সিংড়ায় বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:০৫

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামের আলহাজ ইনসান আলীর বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় কাকিয়ান গ্রামের ধান খেতের কারেন্ট জালে আটকে অসুস্থ বোধ করে শকুনটি। পরে মোবাইল ফোনে ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবগত করেন স্থানীয় কিশোর রাফিউল ইসলাম রাজ। আজ রবিবার সকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করার কথা রয়েছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এটা ‘হিমালীয় গৃধিনী’ প্রজাতির শকুন। পরিবেশ ও খাদ্যের অভাবসহ নানা সংকটে এরা ছুটে বেড়ায়। শকুনটিকে সুস্থ করে তুলতে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।