বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:০৭

নাটোর প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার নাটোরে সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মাঈনুল হক প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মীর্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজের উদ্যোগে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান আজাদ, প্রভাষক মো. নিজাম উদ্দিন সাইফ, ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক শাকিল হোসেন সায়েখ প্রমুখ।