সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:১০

চাঁপাইনবাবগঞ্জে নতুন ভবনে মহানন্দা প্রবীণ নিবাসের সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মহানন্দা প্রবীণ নিবাস জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে নবনির্মিত ভবনে স্থানান্তর করা হয়েছে। শনিবার এই নিবাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন চিন্তা বুকে ধারণ করে সহায়-সম্বলহীন বয়স্ক মানুষদের জন্য মহানন্দা প্রবীণ নিবাস নামের এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলেন চাঁপাইনবাবগঞ্জের কয়েক জন দরদি মানুষ। ২০১২ সাল থেকে চিন্তাভাবনা শুরু হলেও ২০১৬ সালের ১ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির ও সম্পাদক কাউছার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় এমপি রামগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. আনোয়ার হোসেন খানের উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. জাকির হোসেন মোস্তানকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. কাউছার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টায় লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের লে. মতিউর রহমান হলরুমে মুন্সী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরির চেয়ারম্যান লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ বই বিতরণ করেন।

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজ এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ওপর কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়ায় বিতর্ক প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলার পাড়াগাঁও হাজী বাড়ীর গাউসুল আজম কমপ্লেক্স মাঠে সামাজিক সংগঠন ‘প্রজন্ম’র উদ্যোগে শনিবার বিকালে জঙ্গিবাদ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সংগঠনের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন (টেলিকনফারেন্সে) সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শাহ এমরান।

ত্রিশালে কৃষকদের সঙ্গে মতবিনিময়

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে উপজেলার আইপিএম মডেল ইউনিয়ন রামপুরের বীররামপুর উজানপাড়া গ্রামে শনিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উত্পাদন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের এক মতবিনিময় সভা করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি কৃষিবিদ মো. আসাদুল্লাহ।

নরসিংদী নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি নরসিংদী পৌরসভা মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতির আলোকে নরসিংদী নাগরিক কমিটির উদ্যোগে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটি নরসিংদীর সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া। জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী প্রমুখ। বক্তাগণ নরসিংদীকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে এবং আইনশৃঙ্গলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও মৌলবাদীদের নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন।