বরিশাল অফিস
বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ সাত জন আটক হয়েছে। শুক্রবার রাতে নগরীর কাউনিয়া বিসিক এবং নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সকালে মেট্রোপলিটন পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কাউনিয়া বিসিক রোডের ‘সোহাগ প্লাস্টিক’ নামে একটি কারখানায় এবং একই এলাকার ‘মেসার্স হাওলাদার স্টোর’ এ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান (২০), মো. রাব্বি খান (২৯), মো. মিলন হাওলাদার (২৫) এবং মো. মনির হোসেনকে (২৯) আটক করে। অন্যদিকে একই রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের হোটেল ঝিনুকে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. কামরুল ইসলাম মনির (৩৮), মো. ইকরামুল কবির আরমান (২৮) এবং মো. জাহিদ তালুকদারকে আটক করে।
