টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনার সময় কাঠের নৌকাসহ ১ লাখ ইয়াবার চালান জব্দ করেছেন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, ১৯ ডিসেম্বর (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নাফ নদী ও স্থলে সর্তক অবস্থানে থাকে। কিছুক্ষণ পর নাফ নদীর লাল দ্বীপ পয়েন্ট থেকে দুই জন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশের জাদিমোরা বরাবর আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে উভয় পথে ধাওয়া করা হয়। তখন দুর্বৃত্তরা নিরুপায় হয়ে নৌকাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যায়। তখন নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এসব ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
