গ্রামের খালগুলো কি মারা যাবে?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

আমার উপজেলা বাজিতপুর। বাজিতপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ছিলিমেরকান্দি খাল। একসময় খালটা স্রোতস্বিনী ছিল। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার কারণে ব্যবসা প্রসার লাভ করেছে। বাজার বড় হয়েছে। এজন্য প্রচুর বর্জ্যও উত্পন্ন হচ্ছে। কিন্তু এসব ময়লার গন্তব্য দিন শেষে ঐ ছিলিমেরকান্দি খাল! শুধু ময়লা ফেলার কারণে খালটা এখন মৃতপ্রায়। শুধু তাই নয়, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে ছোট ছোট নৌকাও এখন চলাচল করতে পারে না। অথচ একসময় এই খাল দিয়ে নদী থেকে নৌকা করে সরাসরি বাজিতপুর বাজারে যাত্রী ও মালামাল পরিবহন করা যেত। যদিও তা এখন দূর অতীত। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন—এভাবে যাতে কোনো খালের প্রবাহ নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হোক। আর এ খালের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা সমস্ত সেতু ভেঙে নতুন করে উঁচু করে সেতু নির্মাণ করা জরুরি।

সৃজন আহমদ

বাজিতপুর, কিশোরগঞ্জ