পরীক্ষাকেন্দ্রে ঘড়ি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৪

সরকারি চাকরিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ উপলক্ষ্যে প্রায় সারা বছরই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। নকল প্রতিরোধে কোনো রকম ইলেকট্রনিক্স যন্ত্র এমনকি ঘড়ি নিয়েও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না। অনেক পরীক্ষা কক্ষে সময় দেখার জন্য ঘড়ি থাকে না। থাকলেও তা অচল থাকে। যদিও কোনো কোনো কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগে ঘণ্টা বাজানোর মাধ্যমে পরীক্ষার্থীদের অবহিত করা হয়, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় তা যথার্থ নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাও এমনভাবে অনুষ্ঠিত হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক কক্ষে সচল ঘড়ি নিশ্চিত করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মারিয়াম কোরাইশী

শিক্ষার্থী, দর্শন বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়