ইত্তেফাক রিপোর্ট
বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। করোনা পরিস্থিতি বিবেচনায় তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বড় পরিসরে কোনো আয়োজন করছে না ব্র্যাক। স্যার ফজলে হাসান আবেদের জীবন-চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাতে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল তদানিন্তন সিলেটের হবিগঞ্জ মহকুমার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে অ্যাকাউন্টিং বিষয়ে পড়ালেখা করেন। ১৯৬২ সালে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে উত্তীর্ণ হন। পাকিস্তান শেল অয়েল কোম্পানিতে সিনিয়র করপোরেট এক্সিকিউটিভ পদে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং একাত্তরের মুক্তিযুদ্ধ তার জীবনের মোড় সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরি ছেড়ে লন্ডনে চলে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে ‘অ্যাকশন বাংলাদেশ’ এবং ‘হেলপ বাংলাদেশ’ নামে দুটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
