ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘আমাদের দেশে আগে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো, কিন্তু এখন বাবা-মা প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছে, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছে, অন্ধকার থেকে আলোয় আসছে।’ গতকাল কৃষিবিদ ইনস্টি-টিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি, প্রতিবন্ধিতা ও করোনা বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো কো-অপারেশন, নরেক ও বাংলাদেশ কৃষক লীগ পরিচালিত দুটি গবেষণার ফলাফল উপস্থাপন এবং কৃষি সাংবাদিকতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের পরিচালক মাহফুজ হোসেন মৃধা, ইকো কো-অপারেশনের হেড অব প্রোগ্রামস মো. আবুল কালাম আজাদ এবং দ্য লেপ্রসি মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমন সুমন হালদার। কৃষিতে প্রতিবন্ধী মানুষের অবদানভিত্তিক সংবাদের জন্য দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের পক্ষে সাংবা-দিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
