না’গঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং হোসাইন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল  সকালে নগরীর ইসদাইর এলাকায় অবস্থিত সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট মাঠে এই লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হোসাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার হোসেন।

বেলুন ও পায়রা উড়িয়ে উত্সবমুখর পরিবেশে অতিথিবৃন্দ লিগের উদ্বোধনের পর সকাল ৯টায় লিগের প্রথম খেলা শুরু হয় গত বছরের চ্যাম্পিয়ন দল নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি এবং এ বছর প্রিমিয়ার ডিভিশনে উন্নীত দল কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাবের মধ্যে। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। জবাবে কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব ৩৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করলে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি ৮৮ রানে জয়লাভ করে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটরক্ষক এবং নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির সিনিয়র কোচ জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে এই জেলা থেকে পাঁচ-ছয় জন ক্রিকেটার জাতীয় দলে খেলছেন। নারায়ণগঞ্জ ক্রিকেট  একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত আরো বেশ কয়েক জন খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্য হিসেবে গড়ে উঠছে।

জেলার ৯টি দল এই লিগে অংশগ্রহণ করছে। ৫০ ওভার করে অনুষ্ঠিত হবে মোট ৩৫টি খেলা। দেড় মাসব্যাপী এই লিগ চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।