মালিবাগে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে কোপাল দুর্বৃত্তরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পশ্চিম মালিবাগে বাসায় ঢুকে রাবেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূর ছেলে তানভীর হোসেন জানান, তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। ২২ নম্বর পশ্চিম মালিবাগে অবস্থিত নিজস্ব বাড়ির প্রথম তলায় তিনি, তার মা এবং বোন থাকেন। গতকাল সকাল ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার মায়ের রুমে ঢুকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার সময় তিনি পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। মায়ের চিত্কার শুনে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনদের সহায়তায় তার মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তানভীর বলেন, সব কটি কোপ তার মায়ের মাথায় পড়েছে। দুর্বৃত্তরা কয়জন এসেছিল তা তিনি দেখতে পাননি। তিনি বলেন, আশপাশের সবাই তাদের আত্মীয়স্বজন। তাই কে বা কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এ বিষয়ে তার মা রাবেয়া বেগমই ভালো বলতে পারবেন বলে জানান। কিন্তু গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তার মায়ের জ্ঞান ফেরেনি।  

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটির কথা শুনেছি। আমাদের পুলিশ সদস্য গিয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।