শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয়ের ষাইটঘর তেওতা গ্রামে অবৈধভাবে জমি দখলের অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রাণনাশের ভয় দেখিয়ে জমির মালিকদের এলাকা ছাড়া করায় দীর্ঘদিন ধরে তারা অন্যত্র বসবাস করছেন। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দখলদারদের ঘর নির্মাণের কাজ বন্ধ করেছে। অভিযোগে প্রকাশ, এ গ্রামের সূর্য কুমার দে পৈতৃক সূত্রে ৪৯ শতাংশ জমি প্রায় ৮০ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। স্থানীয় ছোরহাব হোসেন ও সহযোগীরা সূর্য কুমার ও তার ছেলে মাধবকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের জমি দখল করে নেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহায়তায় বহু দেনদরবার করেও অবৈধ দখলদারদের কাছ থেকে জমি উদ্ধার করা যায়নি। মাধব দে জানান, উল্লিখিত চক্র প্রাণনাশের ভয় দেখিয়ে আমাদের এলাকাছাড়া করেছে। জমি উদ্ধারের জন্য শিবালয় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শিবালয় থানার ওসি (তদন্ত) আশীষ কুমার সান্ন্যাল জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
