ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের কাজ করার সময় এ বোমাটি পাওয়া যায়। এ নিয়ে একই আকার ও ওজনের তিনটি বোমা উদ্ধার করা হলো। সম্প্রতি একই এলাকা থেকে পৃথক সময়ে আরো দুটি বোমা উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।
