সড়ক দুর্ঘটনা

বাউফলে পুলিশ কর্মকর্তা, দেবীগঞ্জে যুবদল নেতা নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:১৭

গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত চার জন নিহত হয়েছেন। এছাড়া গত ১০ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক কলেজছাত্র গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বাউফলে মো. এনায়েত হোসেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে বগা-বাউফল-দশমিনা সড়কের শাপলাখালী এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে।

এনায়েত ঝালকাঠীর নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে। বাউফল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, দেবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক মন্জুর  মোর্শেদ রাজু  (৫০) গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। তার বাড়ি দেবীগঞ্জ বাবুপাড়া গ্রামে। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও দেবীগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিউল আলমের দ্বিতীয় ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজু মোটরসাইকেলযোগে সাকোয়া শিমুলতলী যাওয়ার পথে রাস্তার ওপর দাঁড়ানো ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক বাপ্পা (২৪) নামে এক যুবক নিহত ও আহাদ নামের একজন গুরুতর আহত হয়েছেন। নিহত বাপ্পা উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখলস্থ মো. আবুল কালামের দ্বিতীয় পুত্র।

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা জানান, পলাশবাড়ীতে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে অটোর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম পলাশবাড়ী সদর পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র ও পলাশবাড়ী-সাদুল্লাপুর মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

গৌরীপুরে দুর্ঘটনায় আহত

কলেজছাত্রের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় আহত গৌরীপুর সরকারি কলেজ ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে।