বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে --------ওবায়দুল কাদের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে গোপন সখ্যতা গড়ে তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি। গতকাল শনিবার নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সম্মেলনে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ     করতে। তাদের অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। ‘সরকার দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে’ মর্মে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের এই বক্তব্য ভিত্তিহীন। প্রকৃতপক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরো মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়।’ তিনি বলেন, দেশে এখন দুর্দিন নেই, ভয়াবহ দুর্দিন চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপির রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত। বিএনপি চরম হতাশায় নিমজ্জিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমালোচনায় ভয় পায় না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। দেশের মানুষ ও অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, অর্জন করেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধি। ‘দেশে একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশে কোনো একদলীয় শাসন ব্যবস্থা নেই, আছে গণতন্ত্রের অভিযাত্রা, আছে কার্যকর সংসদ।

স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে, দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে আওয়ামী লীগ অনেক কঠোর। সঠিক সময়ে সম্মেলন দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল বলেন, ‘সঠিক সময়ে সম্মেলন না হলে নেতৃত্বের ট্রাফিক জ্যাম হয়ে যায়, কর্মীরা নিজের বাড়িতে পরিচয় দিতে পারে না। সুতরাং আজকে শপথ নিতে হবে যে আমরা সঠিক সময়ে সম্মেলন দিব।’ সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষের মধ্যেই সারা দেশের পাড়ায়-মহল্লায় শতভাগ বিদ্যুত্ পৌঁছে যাবে, গোটা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

দলটির মান্দা সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।