এক সপ্তাহে মৃত্যুর হার ৪.২৩ শতাংশ বেড়েছে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২২

দেশে গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর হার বেড়েছে ৪ দশমিক ২৩ শতাংশ। গত এক দিনে মারা গেছেন ২৫ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে। দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ছুঁইছুঁই। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন হয়েছে। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে ১২ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৬২ হাজার ৩৬৪টি।

এ পর্যন্ত মোট ৭ হাজার ২৪২ মৃতের মধ্যে পুরুষ ৫ হাজার ৫২২ জন (৭৬ দশমিক ২৫ শতাংশ) ও নারী ১ হাজার ৭২০ জন (২৩ দশমিক শূন্য ৭৫ শতাংশ)। ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন জন, চল্লিশোর্ধ্ব দুই জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ জন ও ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে চার জন, রাজশাহীতে এক জন, খুলনায় দুই জন, রংপুরে এক জন ও ময়মনসিংহ বিভাগের দুই জন রয়েছেন।