ধর্ষণসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত রয় চার্লস ওয়ালার নামে এক ‘সিরিয়াল রেপিস্ট’-কে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে।
স্যাক্রামেন্টো কাউন্টির অ্যাটর্নি অফিস সূত্রে সিএনএন জানায়, ১৫ বছর আগে গ্রেফতার করা হয়েছিল কুখ্যাত সিরিয়াল রেপিস্ট ৪৫ বছর বয়সি রয় চার্লস ওয়ালারকে। তার বিরুদ্ধে ১৯৯১ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ৯ জন নারীকে ধর্ষণ করার পাশাপাশি ৪৬টি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল।
এছাড়া বিদেশি নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করানোসহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে। ১৫ বছর ধরে সেই সমস্ত মামলার শুনানি চলার পর গত সেপ্টেম্বরে ওয়ালারকে দোষী সাব্যস্ত করেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। অবশেষে শুক্রবার বর্তমানে ৬০ বছর বয়সি ওয়ালারকে এই দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত। সব সাজার মেয়াদ যোগ করে ৮৯৭ বছর হলেও তাকে আসলে আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হবে।
স্যাক্রামেন্টো শহরের গোয়েন্দা বিভাগের মুখপাত্র আভিস বিরে বলেন, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে নারীদের ওপর নির্যাতন চালাতেন ঐ ব্যক্তি।
