হাতিয়ার মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবির পঞ্চম দিনে গতকাল শনিবার ভোরে আরো দুই জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত লাশ দুটি হাতিয়া চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৫৫) ও একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহার (১) বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। তিনি জানান, শিশু নিহার লাশ টাংকির খালসংলগ্ন মেঘনা থেকে এবং জাকিয়া বেগমের লাশ মনপুরার কলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা গেছে। এখনো পাঁচ শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে কোস্ট গার্ডের ডুবুরি দল মেঘনায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাহসিন রহমান। গত ১৫ ডিসেম্বর বরকনেসহ ঐ ট্রলারটি যায়। ঐদিন ৪২ জনকে জীবিত ও নববধূ তাছলিমাসহ সাত জনের লাশ উদ্ধার করা হয়।
