স্বামীর সঙ্গে বিবাদ মেটানোর আশ্বাস দিয়ে বন্ধুর স্ত্রীকে ডেকে নিয়ে অপহরণ করে এক ব্যক্তি। তারপর সে ও তার দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ঐ গৃহবধূকে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে তারা। নারকীয় এই ঘটনাটি ঘটেছে টঙ্গীতে। এ অভিযোগে টঙ্গী পূর্ব থানায় মামলা হলে তিন জনকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, স্বামীকে নিয়ে দত্তপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন ঐ গৃহবধূ। গত ১০ ডিসেম্বর রাতে সাংসারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেন স্বামী। বিষয়টি মীমাংসার জন্য স্বামীর বন্ধু সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দামকে অবহিত করেন ঐ গৃহবধূ। সাদ্দাম পরদিন দুপুরে তাদের বাসায় এসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেয়। বেলা ২টার দিকে সাদ্দাম ঐ গৃহবধূকে মোবাইল ফোনে জানায় যে, সে ঘটনাটি মীমাংসার জন্য দত্তপাড়া রিয়া গার্মেন্টসের মোড়ে অপেক্ষা করছে। খবর পেয়ে গৃহবধূ ঐ স্থান থেকে তাকে আনতে যায়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সাদ্দাম (২৯) সুকৌশলে তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে রাজধানীর ভাটারা নতুন বাজার বাঁশতলা এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে সাদ্দাম, তার বন্ধু আবদুর রহমান ও জসিম মিলে ঐ গৃহবধূকে রাতভর ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে যে কোনো সময় তাকে ডাকলে আসতে হবে অন্যথায় ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ৮টার দিকে মেয়েটিকে একটি অটোরিকশায় তুলে দেয় তারা।
এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ গৃহবধূ গত শুক্রবার টঙ্গী পূর্ব থানায় মামলা করলে পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঐ তিন অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
