মিঠাপুকুরে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী পলাতক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৫

রংপুরের মিঠাপুকুরে নাসরিন বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী রাজু মিয়াসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে, পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় নাসরিনকে হত্যা করে পালিয়েছে রাজু। গত শুক্রবার রাতে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জের কালীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নাসরিন বেগম সদরের লক্ষণপাড়া গ্রামের ইলিয়াছ মুনশির মেয়ে ও পায়রাবন্দ ইউনিয়নের কেশবপুর তকেয়াপাড়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নাসরিনের সঙ্গে পাঁচ বছর আগে তালেব মিয়ার ছেলে রাজুর বিয়ে হয়। বিয়েতে রাজুর পরিবারকে ২ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে আবারও নাসরিনের পরিবারের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রাজু।           এরই মধ্যে রাজু একই উপজেলার বলদিপুকুর গড়েরপাড় গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সম্প্রতি রাজু গোপনে ঐ নারীকে বিয়ে করে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ-বৈঠক হয়। এর জের ধরে গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় নাসরিনকে মারধর করে রাজু। পরে গতকাল শনিবার ঝুলন্ত অবস্থায় নাসরিনের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে মিঠাপুকুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নাসরিনের বাবা ইলিয়াছ মুনশির দাবি, তার জামাই রাজু মাদকাসক্ত ছিল। বিয়ের পর থেকেই নাসরিনকে নির্যাতন করত। বিভিন্ন নারীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। শুক্রবার রাতে নাসরিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় রাজু।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।