মোবাইল অ্যাপে শোনা যাবে সারা বিশ্বে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৮

বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংস্থাটির সকল সম্প্রচার এখন সারাবিশ্বে মোবাইলে শোনার নতুন দিগন্ত উন্মোচন হলো।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ অ্যাপের উদ্বোধন করেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এ সময় বেতারের সকল কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ বেতার’       অ্যাপস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের দেশব্যাপী সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি। মানুষ আগের মতো ঘরে-বাইরে আলাদা করে রেডিও শোনে না। হাতে হাতে মোবাইল। সে কারণেই মোবাইল অ্যাপের মাধ্যমে যাতে বেতারের অনুষ্ঠানমালা শোনা যায় তার ব্যবস্থা করা হলো। এখন অ্যাপের কল্যাণে দেশের ছয়টি কেন্দ্রের অনুষ্ঠান সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে।

অনুষ্ঠানের আগে তথ্যমন্ত্রী বেতারের ডিজ্যাবিলিটি ফ্যাসিলিটি লিফট উদ্বোধন করেন।