মহান বিজয় দিবসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিষয়ক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাত জন শিক্ষক। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রেস বার্তায় দুঃখ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে তারা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে শিক্ষকবৃন্দের তোলা কয়েকটি ছবিকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় ও শিক্ষকবৃন্দ সম্পর্কে দেশবাসীর যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে তার জন্য আমরা লজ্জিত ও মর্মাহত। লক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজ পতাকা নিয়ে অনিচ্ছাকৃত, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারা বলেন, এটিকে আপাতদৃষ্টিতে পতাকাসদৃশ মনে হলেও এটি আনুষ্ঠানিক কোনো পতাকা ছিল না। তাছাড়া ছবি তোলার সময় শিক্ষকবৃন্দ এটিকে ভালোভাবে খেয়াল না করেই সেখানে দাঁড়িয়ে ছিলেন।
