খুলনায় আল্লার দলের আট সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৯

খুলনায় গোপন বৈঠককালে ‘আল্লার দল’ নামের নিষিদ্ধ এক সংগঠনের আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ টাকা ও ১৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সংগঠনের লবণচরা থানার থানা নায়েক মো. হাফিজুর রহমান, সদস্য মো. জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন মুন্সী, মো. কাইয়ুম হোসেন, মো. রাজিবুল আলম, মো. সুমন বেপারী, মো. মুস্তাকিন হোসেন ও মো. জাহাঙ্গীর। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. হাফিজুর রহমান স্বীকার করেন, তিনি ২০১৭ সালের জুন মাসে একই সংগঠনের এক শীর্ষ নেতার কাছে বায়াত গ্রহণ করে। ২০১৮ সালে থানা নায়েক পদে দায়িত্বপ্রাপ্ত হন। র্যাব-৬-এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উত্স থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিলেন। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে তারা দেশের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলেও স্বীকার করেছে। এ ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।