২৩ দিন পর নিখোঁজ ওষুধ ব্যবসায়ীর সন্ধান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:২৯

নিখোঁজের ২৩ দিন পর সন্ধান মিলেছে বরিশালের ওষুধ ব্যবসায়ী সুমন দেবনাথের। র্যাব পরিচয়ে ২৪ নভেম্বর তাকে সদর উপজেলার সাহেবেরহাটে নিজ বাসা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় ছয়-সাত জন ব্যক্তি। সেই থেকেই নিখোঁজ ছিল সুমন দেবনাথ। থানায় জিডি করেও হদিস মেলেনি তার। সর্বশেষ শুক্রবার র্যাব সুমন দেবনাথকে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছে। যদিও এর আগে এ বিষয়ে কিছুই জানেন না বলে র্যাব-৮-এর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। সুমন দেবনাথের পিতা তপন দেবনাথ জানান, শুক্রবার র্যাব সুমনকে দামুড়হুদা থানায় হস্তান্তর করেছে। আমি গিয়েছিলাম সেখানে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, র্যাব দামুড়হুদা থানায় সুমন দেবনাথকে হস্তান্তর করেছে শুনেছি। এর বেশি কিছু জানি না।