তাইওয়ান প্রণালীতে ঢোকায় মার্কিন যুদ্ধজাহাজের পিছু নিল চীনা বাহিনী!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:০০

তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে কাছ থেকে অনুসরণ করেছিল চীনের সামরিক বাহিনী। বেইজিংয়ের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র এ ধরনের মিশন পরিচালনা করেছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে বেইজিং। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন শনিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। তারা আরো দাবি করে, জাহাজটির তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে গমন মুক্ত ও অবারিত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন। খবর নিউইয়র্ক পোস্টের।

এবার নিয়ে চলতি বছর ১২তম বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করল। তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিসহ এই দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও তাইওয়ান প্রণালীতে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠানোয় ক্ষুদ্ধ হয়ে আছে তারা। ইস্টার্ন থিয়েটার কমান্ডের প্রকাশ করা এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালী পার হওয়ার পুরোটা সময়জুড়ে তাদের বিমান ও নৌবাহিনী মার্কিন জাহাজটিকে ‘অনুসরণ ও পর্যবেক্ষণ’ করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনার পর ওয়াশিংটন-বেইজিংয়ের কুটনৈতিক সম্পর্ক আরো তিক্ত হয়ে উঠতে পারে।