ভাস্কর্য নির্মাণ করে ভাস্কর্যবিরোধিতার প্রতিবাদ ভাস্করদের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:১৫

মানব বলয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ও তর্জনীর ভাস্কর্য নির্মাণের মাধ্যমে ভাস্কর্যবিরোধিতার প্রতিবাদ জানিয়েছেন চিত্রশিল্পী ও ভাস্কররা। একই সঙ্গে মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধেও কথা বলেছেন তারা। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এভাবেই অভিনব প্রতিবাদ জানান ‘বিক্ষুব্ধ শিল্পীসমাজ’। একই সঙ্গে ‘মৌলবাদী অপশক্তির’ ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করে শৈল্পিক প্রতিবাদ জানান চিত্রশিল্পীরা। তাদের এই প্রতিবাদে সংহতি জানিয়ে এতে অংশ নেন রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা সংবিধান লঙ্ঘন উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, বাঘা যতীনের ভাস্কর্য ভেঙেছে। এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ড করেও তারা গর্বের সঙ্গে জীবনযাপন করছে। মুক্তিযোদ্ধা হিসেবে এটি আমাদের জন্য লজ্জার বিষয়, জাতির জন্য লজ্জার বিষয়। এদের শাস্তি হওয়া প্রয়োজন। সংবিধান লঙ্ঘনের অপরাধে তাদের শাস্তি দিতে হবে, এটি আমাদের দাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ভারত বিভক্ত হওয়ার আগে থেকেই আমরা এই উপমহাদেশের রাজনীতিতে দেখছি, একদল কট্টর মৌলবাদী মধ্যযুগীয় চিন্তা ধারণ করে আছে এবং আমাদের সব অগ্রযাত্রায় প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। এখন সময় এসেছে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করার। তিনি বলেন, মসজিদের খুতবায় এদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধবিরোধী অনেক কথা বলা হয়।

এসময় ‘স্বাধীনতাবিরোধী ও ধর্মান্ধ মৌলবাদীদের রুখে দাঁড়াও’ শীর্ষক ‘প্রতিবাদী কথা’র আয়োজন করা হয়।