আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. আব্দুল গণি। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মো. রেফাত উল্লাহ। শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড নিজ নিজ দলের মেয়র প্রার্থীর বিষয়টি নিশ্চিত করেন।
তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল গণি বলেন, ‘আওয়ামী লীগ আমাকে দলীয় টিকিট দিয়েছে। আমি এ পৌরসভা পুনরায় আওয়ামী লীগকে উপহার দিতে চাই। এবার আমার মূল স্লোগান হবে ‘টেকসই উন্নয়ন’।
রেফাত উল্লাহ বলেন, বিএনপির সব নেতাকর্মীকে একত্রিত করে নির্বাচনে অংশ নিতে চাই। সবাই এক হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
