গাজীপুরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে গাজীপুর মহানগরী কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সোনিয়া (৪)। অসুস্থ শিশু কথা মনি (৫)কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, সকালে উভয়ের পরিবারের লোকজন কর্মস্থলে যান। এমন সময় ফাঁকা বাসায় ইঁদুর মারার ওষুধ চিনি মনে করে এক শিশু আরেক শিশুকে খাইয়ে দেয়। এতে তারা গুরুতর অসুস্থ হলে প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোনিয়ার মৃত্যু হয়।
নিহত সোনিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার তাড়াবাড়ী গ্রামের সফিকুল ইসলামের মেয়ে। কথা মনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বালিশাবাড়ী গ্রামের দুলালের মেয়ে। তাদের উভয়ের পরিবার ঐ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে পোশাক কারখানায় চাকরি করেন।
