রাজধানীর মিরপুরে স্কুলছাত্র সিয়ামকে অপহরণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পুলিশ মিরপুর ১০ নম্বরের শাহ আলী প্লাজা মার্কেটের ১২ তলার সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সিয়ামকে ডিশ লাইনের তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের সত্ বাবার সত্ ভাই রনি (৩৫), তার বন্ধু পলকসহ (৩৫) চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সিয়াম মিরপুর বাংলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
মিরপুর ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৫৫/৫৬ নম্বর বাড়িটি সিয়ামদের। তার মায়ের নাম রুপা বেগম। সত্ বাবা প্রদীপ। সিয়াম জন্মসূত্রে ইতালির নাগরিক। তার বাবা আনোয়ার হোসেন বছর দশেক আগে ইতালিতে মারা যান। এক বছর পর সিয়ামের মা রুপা বেগম দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন।
ঘটনার বর্ণনা দিয়ে রুপা বেগমের চাচাতো ভাই ছবির মিয়া সাব্বির বলেন, বুধবার বিকালে সিয়াম তার বাড়ির সামনে ক্রিকেট খেলছিল। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনির বন্ধু পলক সিয়ামের ক্রিকেটের ব্যাট ভেঙে ফেলে। তখন সিয়ামকে নতুন একটা ব্যাট কিনে দেওয়ার কথা বলে শাহ আলী প্লাজা মার্কেটে নিয়ে যায়। ঐ মার্কেটের ১২ তলায় কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে একটি কক্ষে সিয়ামকে আটকে রাখে। পরে রনি সিয়ামের মার কাছে ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় সিয়াম চিত্কার চেঁচামেচি করলে তারা তাকে মারপিট করে। এক পর্যায়ে ডিশ লাইনের তার দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির মা রুপা বেগম মিরপুর থানায় একটি জিডি করেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আখতার হোসেন বলেন, নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ অপহূত স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
