সকল জেন্ডারের কিশোরদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা ও বাল্যবিবাহ বন্ধে বাবাদের যত্নশীল ভূমিকা পালনে উত্সাহিত করার নীতি ও কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন যুবরা। বৃহস্পতিবার সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিবাহ বন্ধে পুরুষের সক্রিয় অংশগ্রহণে যুবদের অ্যাডভোকেসি প্রকল্পের আয়োজনে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা জানা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বিশেষত ধর্ষণের ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। করোনাকালে ধর্ষণ ও বাল্যবিবাহের ঘটনা অনেক বেড়েছে। তারা বলেন, পুরুষালি আচরণ চর্চায় পুরুষদের উত্সাহিত করার মাধ্যমে যৌন সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। সম্মেলনে আরো বলা হয় বাল্যবিবাহের প্রধান কারণ অভিভাবকদের পুরুষতান্ত্রিক মানসিকতা। বিশেষ করে বাবারা যত দিন বুঝবেন না যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার মধ্য দিয়ে মেয়েশিশুর যে বিরাট ক্ষতিসাধন করা হয়, ততদিন বাল্যবিবাহ বন্ধ করা কঠিন।
সংবাদ সম্মেলনে অংশ নেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের জেন্ডার অ্যাডভাইজার উম্মে সালমা, নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সদস্য মুশফিকুর রহমান শাব্বির; জাতীয় চেঞ্জমেকার, সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং বাল্যবিবাহ বন্ধ প্রকল্পের সোহানুর রহমান; অ্যালায়েন্সের সদস্য সংস্থার কর্মীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।—প্রেস বিজ্ঞপ্তি
