বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্ম ব্যবসায়ী। তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন। তারা বলছেন আলেমদের সম্মান দিয়েই কথা বলতে। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে? দেশের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে পার্থক্য করলে দেখবেন মানুষ শিক্ষা থাকলে কি করতে পারে এবং শিক্ষার অভাবে কি করে। আজকে ডিজিটাল বাংলাদেশ গড়তে যে ইন্টারনেট সংযোগ প্রয়োজন ছিল তা এক সময় আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। কিন্তু তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের নিরাপত্তার অজুহাতে তা নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৭০ কোটি টাকা ব্যয়ে তা কিনে নেয়।
তিনি গতকাল শনিবার নগরীর কাজীর দেউড়িস্থ একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, আমাদের সমাজে নীতিনৈতিকতার ব্যাপক ঘাটতি রয়েছে। সমাজে পচন ধরে গেছে। আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা উচিত। ডাক্তার- ইঞ্জিনিয়ার হলেই সুখী হওয়া যায়, তা নয়। নৈতিক অধঃপতন থেকে বেরিয়ে আসা জরুরি।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী প্রমুখ।
