প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর ভাগনে বাবলু আর নেই

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০০:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে সাদেক হোসেন বাবলু আর নেই। গতকাল শনিবার ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। সাদেক হোসেন বাবলু বঙ্গবন্ধুর ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগনীপতি এ টি এম সৈয়দ হোসেনের ছেলে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রমুখ।

সাদেক হোসেন বাবলু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ-আছর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় যোগ দেন।