কুড়িগ্রামে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:০৩

কুড়িগ্রামে শৈতপ্রবাহে তীব্র ঠান্ডায় ব্যাহত হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।  কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। আজ রবিবার সকালে কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশে সর্বনিম্ন ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুড়িগ্রামে। তাপমাত্রা কয়েকদিন নিম্নগামী হওয়াসহ হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার। 

সন্ধ্যা নামার সাথে সাথেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী কুয়াশা পড়ায় তাপমাত্রা নিম্নগামী হয়ে পড়ছে। ঘন কুয়াশার কারণে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 

গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলসহ নিম্ন আয়ের মানুষজন। তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে শিশু ও বৃদ্ধরাসহ অনেক মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইতোমধ্যেই জেলার ৯ উপজেলার ৭৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯ উপজেলার প্রত্যেকটিতে ৭ লাখ করে ৬৩ লাখ টাকা ও ৯ হাজার শুকনো খাবার প্যাকেট দেয়া হয়েছে।

ইত্তেফাক/কেকে